রুহুল আমিন, জেলা সংবাদদাতা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের পীরগাছা উপজেলার ৮ নম্বর কৈকুড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. সাইফুল ইসলাম ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
শনিবার (৪ আগস্ট) বিকেলে ইউনিয়নের চৌধুরীরহাট বাজারে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থনের পাশাপাশি মূল্যবান ভোট কামনা করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
মো. সাইফুল ইসলাম বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্যতার ভিত্তিতে বণ্টন নিশ্চিত করা হবে। পাশাপাশি ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট এবং অন্যান্য অবকাঠামোর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হতে দেওয়া হবে না। শিক্ষা সহায়তার পাশাপাশি শিশুদের জন্য পার্ক নির্মাণ, যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রতিটি ওয়ার্ডে পাঠাগার স্থাপন, কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা এবং খেলাধুলার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল মাঠ নির্মাণ ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে প্রবীণদের কল্যাণে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের সহযোগিতায় একটি নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তিনি আরও বলেন, "চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় প্রবীণ, মুরব্বি, শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও সেবাধর্মী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।"
গণসংযোগে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আতাউর রহমান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোন্নাফ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিলন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল, ৭ নম্বর ওয়ার্ডের মো. আলমাস, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রশিদ মিয়াসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগ শেষে চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল ইসলাম ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।