সৈয়দ আতিক ,,গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যনিরাপত্তা ও জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় শ্রমিকরা প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কিনতে পারবেন। একজন শ্রমিক সপ্তাহে একদিন সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় টঙ্গীর পাগাড় এলাকায় নোমান গ্রুপের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিক আফজালুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, “বাংলাদেশে গার্মেন্টস শিল্পের সূচনা ও বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই শিল্পকে এগিয়ে নিতে বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সহজলভ্য করতেই বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে টঙ্গীতে একটি শিল্প হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। আগামী জানুয়ারি থেকে গার্মেন্টস শ্রমিকরা নতুন বেতন পাবেন বলেও আশা করা হচ্ছে। পাশাপাশি পোশাকশ্রমিকদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে স্বল্পমূল্যে আবাসন ফ্ল্যাটের সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে আমাদের কাজ করার সুযোগ দিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল জাবের, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা।
জানা যায় ,বিশেষ এ ওএমএস কর্মসূচির আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকরা নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল সংগ্রহ করতে পারবেন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত নির্ধারিত বিক্রয়কেন্দ্রে এ চাল বিক্রি করা হবে। একজন শ্রমিক সপ্তাহে একদিন সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। শিল্পাঞ্চল টঙ্গীতে বিপুলসংখ্যক পোশাক শ্রমিকের বসবাস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বল্পমূল্যে চাল কেনার এ সুযোগ শ্রমিকদের পারিবারিক খাদ্যব্যয় কমাতে সহায়ক হবে , তবে কর্মসূচির সুবিধা যেন প্রকৃত শ্রমিকদের কাছে পৌঁছায়, সে জন্য সুষ্ঠু বিতরণ ও তদারকি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করেন।