নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ সরকারের প্রণীত আইন ও বিচারব্যবস্থা বাতিল করে আল্লাহর বিধান অনুযায়ী বিচারব্যবস্থা বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে গণঅধিকার পার্টি (পিআরপি)।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে দলটির চেয়ারম্যান সরদার মো. আব্দুস সাত্তার বর্তমান বিচারব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, দেশের বিচারব্যবস্থা কার্যকর নয় এবং বিচারিক প্রক্রিয়ায় বৈষম্য বিদ্যমান। তিনি অভিযোগ করেন, ক্ষমতাবান ব্যক্তিরা আইনের সুবিধা পেলেও সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হন।
তিনি বলেন, বিচারব্যবস্থার দুর্বলতার কারণে অপরাধীদের মধ্যে শাস্তি এড়িয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা ও অপহরণের বিভিন্ন ঘটনার পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, দেশে অপরাধ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
সরদার আব্দুস সাত্তার বলেন, সমাজে অপরাধ বৃদ্ধির পেছনে দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়, মাদকাসক্তির বিস্তার, বিকৃত অনলাইন কনটেন্টের সহজলভ্যতা, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার ঘাটতি এবং নৈতিক শিক্ষার অবনতি দায়ী। পাশাপাশি বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল কাঠামোও অপরাধ দমনে বাধা সৃষ্টি করছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশে আদালত, বিচারক ও আইনজীবীর সংখ্যা থাকলেও সাধারণ মানুষের প্রত্যাশিত ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না। সম্প্রতি আলোচিত কয়েকটি মামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বিচারিক রায়ের দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
গণঅধিকার পার্টির চেয়ারম্যান বলেন, মানুষের তৈরি আইনের পরিবর্তে আল্লাহর বিধানভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা হলে ধর্ষণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি ব্রিটিশ আমলে প্রণীত আইন বাতিল করে ইসলামী মূল্যবোধ ও শরিয়াহভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানান।
মানববন্ধনে দলটির নেতাকর্মীরা অংশ নেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।