• ঢাকা |

ধান রোপণের মৌসুমে জমে উঠেছে নড়াগাতীর পাতোর হাট


নিউজ প্রকাশের তারিখ : ৩০ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকায় ধান রোপণের মৌসুমকে কেন্দ্র করে জমে উঠেছে ধানের চারা (পাতো) বিক্রির হাট। টানা বর্ষণ উপেক্ষা করে কৃষকরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন বিভিন্ন হাটে। মহাজন, বড়দিয়া, যোগানিয়া সহ আশপাশের বেশ কয়েকটি হাটে উঠেছে নানা জাতের ধানের চারা।

স্থানীয়ভাবে এসব হাটকে বলা হয় “পাতোর হাট”। সপ্তাহে দুই দিন হাটবারে এসব হাট কৃষক ও ব্যবসায়ীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। কেউ ধানের চারা বিক্রি করছেন, আবার কেউ কিনছেন রোপণের জন্য।

প্রান্তিক কৃষক সহিদ সিকদার (৫৫) জানান, “বহু বছর ধরেই দেখছি, এখানে নিয়মিত পাতোর হাট বসে। আশপাশের মাউলি, জয়নগর, কলাবাড়িয়া, বাঐশোনা, খাশিয়াল, পহরডাঙ্গা এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে কৃষক ও ব্যাপারীরা চারা কিনতে আসেন।”

হাটগুলোতে বোরো ও আমন উভয় মৌসুমেই লক্ষাধিক টাকার ধানের চারা বেচাকেনা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এসব হাট থেকে খুলনা, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার ব্যাপারীরাও পাইকারি দরে ধানের চারা কিনে নিয়ে যান।

এলাকার শত শত কৃষক চারা উৎপাদনের সঙ্গে যুক্ত। এতে করে তারা বাড়তি আয় করতে পারছেন, সংসারে আসছে স্বচ্ছলতা।

কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক বলেন, “নড়াগাতীর পাতোর হাট বহু পুরোনো ও পরিচিত। কৃষকরা বীজতলায় উৎপাদিত ধানের চারা বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন। অল্প সময়েই এটি একটি লাভজনক কৃষিপণ্য হয়ে উঠেছে।”

বর্ষার ভেজা মাটিতে চলছে রোপণ, আর হাটে হাটে চারা সংগ্রহ—এ যেন কৃষি প্রধান বাংলাদেশের গ্রামীণ জীবনের চিরচেনা চিত্র।