আজিজ আল জামান, রংপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে শনিবার নগরীতে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা প্রকাশ করেন। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিঠু ও ওয়াহিদ মুরাদসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষিত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং দেশের তরুণ সমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত নেতৃত্বের হাত ধরে যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গণমুখী সংগঠনে পরিণত হবে।
সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে দলের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
এ সময় মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ড, থানা ও ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।