• ঢাকা |

লাউয়াছড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


নিউজ প্রকাশের তারিখ : ৩ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মৌলভীবাজার প্রতিনিধি:  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হাওয়া বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাওয়া বেগম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওয়া বেগম শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন তার একটি হাত ছিল না। ট্রেনের ভেতর ভিক্ষা করেই তিনি জীবিকা নির্বাহ করতেন। শনিবার সকালে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন চলাচলের সময় কোনো একপর্যায়ে ট্রেন থেকে পড়ে যান তিনি। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, “নিহত নারীর নাম হাওয়া বেগম (৪৫)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”