• ঢাকা |

মাগুরায় মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু


নিউজ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ সাইফুল্লাহ, মাগুরা সংবাদদাতাঃ মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে! শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিন শিশু হলো—চাপাতলা গ্রামের তিন ভাইয়ের মেয়ে তারিন (৮), সিনতিয়া (৯) ও তানহা (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশুই পরস্পরের চাচাতো বোন। তারা প্রতিদিনের মতো আজও একসঙ্গে খেলতে ও গোসল করতে গিয়েছিল গ্রামের খালে।  কিছুক্ষণ পর তাদের খোঁজ না মিললে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে তিনজনকেই উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, “আনুমানিক পৌনে ২টার দিকে শিশুগুলোকে হাসপাতালে আনা হয়। ঘটনাটি ঘটে দুপুর ১টার দিকে । তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।”

অকালেই তিন শিশুর প্রাণহানীতে পরিবারে ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে নিহতদের পরিবারে চলছে আহাজারি ও স্বজনহারার বেদনা!