ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট। জোটের নেতারা বলেছেন, প্রস্তাবিত বাজেট গভীরভাবে পর্যালোচনা এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে গত ১৭ বছরে দেশের ওপর সৃষ্ট অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকট থেকে জাতিকে মুক্ত করা সম্ভব হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর এক যৌথ বিবৃতিতে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা এ অভিমত ব্যক্ত করেন।
বিবৃতিতে তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জনকল্যাণ এবং উন্নয়ন কর্মকাণ্ডকে বিবেচনায় রেখেই প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এ বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি দেশীয় শিল্প, কৃষি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা ও বিকাশে বাজেটে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসার দাবিদার। তবে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বিবৃতিতে বলা হয়, জনগণের প্রত্যাশা পূরণে বাজেটের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার ও স্থিতিশীলতা বজায় রাখতে সব রাজনৈতিক দল এবং নাগরিকদের গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন একরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন মো. শামসুদ্দিন পারভেজ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম.এ. বাশার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন এবং নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আবদুল মান্নান।