• ঢাকা |

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রশিবিরের


নিউজ প্রকাশের তারিখ : ১৩ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, দেশের বিভিন্ন বিভাগের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। অসংখ্য উপজেলা ও শহরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং রাজধানীসহ বিভিন্ন স্থানে বহু পরীক্ষা কেন্দ্র জলাবদ্ধতার কবলে পড়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক পরীক্ষা পরিবেশকে ব্যাহত করছে।

ছাত্রশিবিরের নেতারা বলেন, জাতীয় পাবলিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের মানসিক স্থিতিশীলতা ও অনুকূল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিকূল আবহাওয়া ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার মধ্যেও অনেক শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে, যা তাদের শারীরিক নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। তাদের মতে, এ অবস্থায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীবান্ধব বা মানবিক নয়।

বিবৃতিতে আরও বলা হয়, চলমান দুর্যোগ এবং পরীক্ষা আয়োজনের নানা জটিলতার কারণে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিও ব্যাহত হতে পারে। এতে উচ্চশিক্ষায় ভর্তির প্রস্তুতি, সুযোগ এবং মেধা বিকাশ নেতিবাচকভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

নেতৃবৃন্দ বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া এবং পরীক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিশ্চিত করারও দাবি জানান।