• ঢাকা |

ভিডিও দেখে আদালতের স্বতঃপ্রণোদিত মামলা, তদন্তের নির্দেশ


নিউজ প্রকাশের তারিখ : ৫ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

 নজরুল ইসলাম বিপ্লব, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় ধারণকৃত ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি আদালতের নজরে এসেছে। এ ঘটনায় লালমনিরহাট আমলী আদালত-৫ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব মিয়া স্বতঃপ্রণোদিত হয়ে একটি বিবিধ মামলা (মিস কেস) রুজু করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মদাতী ইউনিয়নের ব্যবসায়ী মফিজুল ইসলামকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে ভিডিওটি আদালতের নজরে এলে বিচারিক আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করেন।

আদালত একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাদা সেলিমসহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রকাশ্যে মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পক্ষ থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ব্যবসায়ী মফিজুলকে মারধরের ভিডিও প্রকাশের পর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি ওঠে। আদালতের স্বতঃপ্রণোদিত পদক্ষেপে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।