• ঢাকা |

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী


নিউজ প্রকাশের তারিখ : ২ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

অশোক কুমার ধর: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মক্ষম নাগরিকে পরিণত করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে পুনর্বাসনের জন্য বিভিন্ন কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি ভাষা শিক্ষা প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমের পরিধি ব্যাপক। তবে অতীতে এ খাতে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি থাকায় প্রত্যাশিত উন্নয়ন অর্জিত হয়নি।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন জানান, আসন্ন জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় খাতে কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। জটিল রোগের চিকিৎসা সহায়তার অনুদানও ৫০ হাজার টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, আগামী বছরে প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি দাবি করেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের বেশ কয়েকটি অঙ্গীকার এখন জাতীয় দায়িত্ব ও কর্মপরিকল্পনার অংশে পরিণত হয়েছে।

এ সময় তিনি এতিম শিশুদের জন্য শুধু আশ্রয় নয়, তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও সরকার কাজ করছে বলে উল্লেখ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। এছাড়া মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তর এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।