• ঢাকা |

শিবগঞ্জে মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে কর্মচারীদের লাঞ্ছিত ও অধ্যক্ষের কক্ষে তালা


নিউজ প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায় অফিস কক্ষে ঢুকে দাপ্তরিক কাজে বাধা, কর্মচারীদের লাঞ্ছিত ও অধ্যক্ষের কক্ষে তালা দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মাদ্রাসার কর্মচারীরা। অভিযোগে বলা হয়, রোববার দুপুরে কর্মচারীরা অফিস কক্ষে বসে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা ইফতেখার আলম বাবু, বাইরুল ইসলাম ও বেনজিরসহ একদল লোক অফিসে প্রবেশ করেন। পরে তারা দাপ্তরিক কাজে বাধা দিয়ে লাঞ্ছিত করে। এক পর্যায়ে কর্মচারীদের অফিস থেকে বের করে দিয়ে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে তারা চলে যায়। এদিকে এ ঘটনায় বিচার দাবি করেছেন কর্মচারীরা। অধ্যক্ষ আব্দুর রহিম বলেন, মব সৃষ্টি করে তারা অন্যায় করেছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। তবে ইফতেখার আলম বাবু অভিযোগ অস্বীকার করে বলেন,আমি অফিস রুমে তালা দেয়নি, অধ‍্যক্ষ নিয়মিত মাদ্রাসায় না আসায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে তালা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক গতি থামিয়ে দেয়া যাবে না উল্লেখ করে প্রতিষ্ঠানে তালা দেয়ার অধিকার কারো নেই বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে শিগগির ব্যবস্থা নেয়া হবে।