স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)-এর কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৭ মেয়াদ) নির্বাচনের সদ্যঘোষিত ফলাফল বাতিলের জন্য একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত ১৬ জুলাই রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মহিউদ্দিন-মুকিত প্যানেল এবং আফরোজা-মোয়াজ্জেম প্যানেল অংশ নেয়। মোট ১১০ জন ভোটারের মধ্যে ৯২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রতিটি পরিষদ থেকে দুইজন করে প্রতিনিধির উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মহিউদ্দিন-মুকিত প্যানেল থেকে ডা. শেখ মহিউদ্দিন সভাপতি এবং ডা. আব্দুস সবুর সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। অপরদিকে, আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে সাধারণ সম্পাদক হিসেবে ডা. মোয়াজ্জেম হোসেনসহ মোট ১৯টি পদে প্রার্থীরা বিজয়ী হন।
চূড়ান্ত ফলাফল ঘোষণার পর আফরোজা-মোয়াজ্জেম প্যানেলের পক্ষ থেকে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে একটি আপিল আবেদন করা হয়, যা নির্বাচন সংক্রান্ত বিধির পরিপন্থী বলে সংশ্লিষ্টদের দাবি। অভিযোগ উঠেছে, রাত সাড়ে ৮টার দিকে আপিল দাখিল করা হলেও আপিল বোর্ড এখতিয়ার বহির্ভূতভাবে তা গ্রহণ করেছে।
নির্বাচনটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়—যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ভোটগ্রহণ শেষে দুই প্যানেলের মনোনীত এজেন্টরাও খসড়া ফলাফলে স্বাক্ষর করেন।
বর্তমানে নির্বাচনের স্বীকৃত ফলাফল বাতিল করে ভোটারদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ভোটারদের মতামতের প্রতি সম্মান রেখে এবং কোনো সিন্ডিকেটের ষড়যন্ত্র প্রতিহত করতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অযৌক্তিক আপিল আবেদন বাতিল করা হবে বলে তারা আশাবাদী।