কল্লোল আহমেদ, লালমনিরহাট: লালমনিরহাটে এনজিওর ম্যানেজার পরিচয়ে প্রতারণার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভুক্তভোগী হয়েছেন মোগলহাট ইউনিয়নের কাকেয়াটেপা এলাকার ভারতী রানী (৪৬)।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, সোমবার (১৯ মে ২০২৬) সকালে একটি অচেনা মোবাইল নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি নিজেকে ঠ্যাংগামারা সমিতির ম্যানেজার হিসেবে পরিচয় দেয়। কথোপকথনের এক পর্যায়ে সে বিভিন্ন সরকারি ও বেসরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেয়। গরু প্রদান, ঘর নির্মাণ, ৩০টি রিং স্ল্যাব এবং সংসার পরিচালনার খরচসহ নানা ধরনের সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করে।
পরবর্তীতে দ্রুত সহায়তা নিশ্চিত করার কথা বলে বিকাশের মাধ্যমে ১৪ হাজার ৫০০ টাকা পাঠাতে বলে ওই প্রতারক। সরল বিশ্বাসে ভারতী রানী ওই টাকা পাঠান। টাকা নেওয়ার পরও প্রতারক আবারও যোগাযোগ করে আরও ২০ হাজার টাকা দাবি করে। তখনই ভুক্তভোগীর সন্দেহ হয় এবং তিনি বিষয়টি যাচাই শুরু করেন।
একপর্যায়ে বুঝতে পারেন যে, এটি একটি প্রতারণার ফাঁদ। পরে তিনি টাকা ফেরত চাইলে প্রতারক বিভিন্ন অজুহাত ও টালবাহানা শুরু করে যোগাযোগ বন্ধ করার চেষ্টা করে। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানান এবং পরবর্তীতে লালমনিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ভারতী রানীর অভিযোগ, জাহাঙ্গীর নামের ওই ব্যক্তি নিজেকে এনজিওর কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে এ ধরনের প্রতারণা করে আসছে বলে তিনি সন্দেহ করছেন। সহজ-সরল মানুষের সরকারি সহায়তার আশ্বাস দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়াই তার উদ্দেশ্য ছিল বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, এনজিও বা বিভিন্ন সংস্থার নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা সাম্প্রতিক সময়ে বেড়েছে। ফলে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকা প্রয়োজন বলে তারা মনে করছেন।
লালমনিরহাট থানা সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রতারকের পরিচয় ও অবস্থান শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
এদিকে ভুক্তভোগীর পরিবার দ্রুত প্রতারকের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের দাবি জানিয়েছে।