ভিয়েনা প্রতিনিধি: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা-এর ২৩ নম্বর ডিস্ট্রিক্টে অবস্থিত প্রায় দেড় হাজার অতিথি ধারণক্ষমতা সম্পন্ন রয়েল ইভেন্ট হলে এক বৃহৎ আন্তর্জাতিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়ান সরকারের পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে Union of International Democrats ভিয়েনা শাখা।
ইউনিয়ন অফ ইন্টারন্যাশনাল ডেমোক্র্যাটস ভিয়েনার প্রেসিডেন্ট মাহমুদ কোচের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগান-এর পুত্র নেজমেদ্দিন বিলাল এরদোগান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Justice and Development Party (এ কে পার্টি)-এর ভাইস প্রেসিডেন্ট জাফের সিরাকায়া।
অনুষ্ঠানের শুরুতে মাহমুদ কোচ প্রধান ও বিশেষ অতিথিসহ উপস্থিত অতিথিদের স্বাগত জানান। এরপর জার্মানি থেকে আগত ইউনিয়ন অফ ইন্টারন্যাশনাল ডেমোক্র্যাটস-এর কেন্দ্রীয় সভাপতি কেনান আসলান গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি বিলাল এরদোগান সুমধুর কোরআন তিলাওয়াতের মাধ্যমে বক্তব্য শুরু করেন। তিনি তার বক্তব্যে এরদোগান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, মাহে রমজানের গুরুত্ব ও শিক্ষা, অস্ট্রিয়া ও ইউরোপে মুসলমানদের চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন।
রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এ ইফতার মাহফিলে তুর্কি ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও বসনিয়ান, আরব, আলবেনিয়ান, আফ্রিকান ও এশিয়ান কমিউনিটির মুসলিম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশি কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল সদস্য ও এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ।
আন্তর্জাতিক অংশগ্রহণ ও উচ্চপর্যায়ের উপস্থিতির মাধ্যমে ভিয়েনার এ ইফতার মাহফিলটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব, সংহতি ও পারস্পরিক সহযোগিতার এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে।