• ঢাকা |

ভোলায় দাঁড়িপাল্লার পক্ষে জামায়াত প্রার্থীর উৎসবমুখর গণসংযোগ


নিউজ প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোশারফ হোসেন রাসেল, ভোলা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-১ আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম। সোমবার (২৪ নভেম্বর) বিকেল চারটায় ভোলা পৌর আমির মাওলানা জামাল উদ্দিনের নেতৃত্বে পৌরসভার সদর রোড এলাকায় বিভিন্ন শপিংমল, দোকানপাট ও জনসমাগমপূর্ণ স্থানে ব্যাপক গণসংযোগ করেন তিনি
গণসংযোগকালীন সময়ে অধ্যক্ষ নজরুল ইসলাম সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলাপ করেন। তার বিনয়ী আচরণ, মানবিক ব্যবহার ও সমাজসেবামূলক মনোভাব দেখে সাধারণ ভোটারদের মধ্যে দেখা যায় ব্যাপক সাড়া। উপস্থিত বহু মানুষই বলেন—দেশের স্বার্থে শৃঙ্খলা, নীতিনিষ্ঠা ও নিরাপদ সমাজ গঠনে তারা এবার দাঁড়িপাল্লা প্রতীকের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোটাররা আরও জানান, খুন-হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে যে অসন্তোষ তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে শান্তিপূর্ণ ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশায় তারা এবার জামায়াতের প্রার্থীর প্রতি আস্থা রাখছেন।
গণসংযোগে জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দও অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক মাস্টার মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, পৌর নায়েবে আমির মোঃ রুহুল আমিন, সহকারী সেক্রেটারি মেহেদী হাসান সুমন, কর্মপরিষদ সদস্য মাস্টার কামাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মাহে আলমসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোলা-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে এই গণসংযোগ কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।