বগুড়া প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই এবং প্রখ্যাত ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে বগুড়ার জিয়াবাড়িতে নানা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে অবস্থিত জিয়াবাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ, ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ আর্থিক অনুদান প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, যুক্তরাজ্য শাখা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, ড্যাব জেলা কমিটির সাবেক সভাপতি ডা. শাহ মো. শাজাহান আলী, জেলা বিএনপির মানবাধিকার সম্পাদক ও সাবেক মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু এবং গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রোকন তালুকদার।
দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।