• ঢাকা |

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত


নিউজ প্রকাশের তারিখ : ৮ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

প্রেস বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা অনুষ্ঠিত হয়। এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” । প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। সভাপতিত্ব করবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
প্রধান অতিথি বলেন, নারীদের সমস্যা, ভাবনা, চিন্তা-চেতনা আমাকে চিন্তিত করে। এবারের প্রতিপাদ্য মনে করিয়ে দেয় এটি নারীদের পথপ্রদর্শক। আজকের এই বিশেষ দিনে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি সদ্যপ্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেবল একটি রাজনৈতিক অধ্যায়েরই সূচনা করেননি, নারীর ক্ষমতায়নের ইতিহাসে এক দীপ্তিমান মহাকাব্য রচনা করেছিলেন। তিনি নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়াকে পথপ্রদর্শক হিসেবে সম্মান করতেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের নতুন সরকার নারীর ক্ষমতায়ন, সমতা এবং সমৃদ্ধি নিশ্চিতকল্পে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্য সামনে রেখে সরকার মেয়েদের জন্য অবৈতনিক স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু করবে। অনলাইন হয়রানি, লিঙ্গভিত্তিক সহিংসতা, ধর্ষণ, নির্যাতন, অ্যাসিড আক্রমণ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।
শামা ওবায়েদ ইসলাম আরো বলেন, আমি সরকারের অংশ হতে পারি, কিন্তু আমার বড় পরিচয় আমি একজন মা, একজন মেয়ে, একজন নারী। আমি আমার অবস্থান থেকে চাইব একজন ধর্ষক সে যেই হোক তাকে বাংলাদেশের আইনে দ্রুত বিচারের আওতায় আনতে হবে ।
অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান । প্রতিবন্ধকতা পেরিয়ে যেন নারীরা সামনে এগিয়ে যেতে পারে সেই আশা ব্যক্ত করেন তিনি। রাজনীতিতে নারীর আরো বেশি সম্পৃক্ত হওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, মোহাম্মদ মোমিন হোসেন ও একেএম মহসীন। সঞ্চালনা করেন নারী ও শিশু শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি ।
অনুষ্ঠানে নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিনিয়র সাংবাদিক মমতাজ বিলকিস বানুকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মমতাজ বিলকিস বানু বলেন, একজন সাংবাদিক যদি সাংবাদিকের পক্ষ থেকে বা জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মান পান তার গুরুত্ব অনেক বেশি। তিনি প্রেস ক্লাব ও সাংবাদিক ভাই বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ সম্মাননা আমাকে আরো সৃজনশীল কাজ করার অনুপ্রেরণা দেবে।