জাকির ফরাজী: জনগণের দোরগোড়ায় সরকারি সেবা নিশ্চিত করা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ সোমবার (৩ আগস্ট) ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
দিনব্যাপী সফরের শুরুতে তিনি ভিটাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ভিটাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্যসেবা ও ভূমি সেবার কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, রেকর্ড সংরক্ষণ, সেবার মান এবং নাগরিকবান্ধব পরিবেশ পর্যালোচনা করেন। পাশাপাশি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে তাদের মতামত শোনেন এবং দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে জেলা প্রশাসক বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং ৬৮ নম্বর ভাণ্ডারিয়া হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সামগ্রিক শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করে শিক্ষার মান আরও উন্নত করার আহ্বান জানান।
সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক দেউলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে মহাজনের বাড়ি পর্যন্ত জার্মান খাল ও চরখালী খাল পুনঃখনন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। তিনি প্রকল্পের অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। এজন্য প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে।
দিনব্যাপী সফরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি সেবার মানোন্নয়ন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়ন প্রকল্পের গুণগত বাস্তবায়ন নিশ্চিত করতে এ ধরনের মাঠপর্যায়ের পরিদর্শন ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।