মো: শাহ্জালাল মিয়া, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী খানবাড়ি এলাকায় জোরপূর্বক জমি দখল করে ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে নান্নু নামের এক দখলবাজ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন খানম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নাসরিন খানমের নিজস্ব সম্পত্তি দখল করে সেখানে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে তিনি সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে এসআই কামরুজ্জামানসহ পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে মাটি কাটা বন্ধ করে দেয় এবং ড্রেজারের কার্যক্রমে বাধা প্রদান করে। পাশাপাশি ড্রেজার অপসারণের নির্দেশ দিয়ে কঠোর হুঁশিয়ারি দেয়।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত নান্নু দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে মানুষের জমি দখল ও মাটি বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা। নান্নুর অত্যাচারে পশ্চিম সনমান্দী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দারা অতিষ্ঠ বলে জানান স্থানীয়রা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত নান্নুর স্ত্রী দাবি করেন, ওয়ারিশ সূত্রে তারা জমির অংশীদার। এ কারণেই তারা সেখান থেকে মাটি কেটে বিক্রি করেছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।