• ঢাকা |

নবীনদের পদচারণায় মুখর কিচক মীর শাহে আলম কলেজ


নিউজ প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

‘নতুন শিক্ষার্থীদের পরিচিতি সভা’

আব্দুল গফুর মন্ডল: নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে উচ্চশিক্ষার পথে যাত্রা শুরু করা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বগুড়ার শিবগঞ্জের কিচক মীর শাহে আলম কলেজ। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি ও নবীনবরণ অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোস্তাফিজার রহমান রাজা।

প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষাজীবনের শুরু থেকেই অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। কিচক মীর শাহে আলম কলেজকে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক-শিক্ষিকারা। নতুন ক্যাম্পাসে প্রথম আনুষ্ঠানিক আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

উল্লেখ্য, শিবগঞ্জের কিচক ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কিচক মীর শাহে আলম কলেজ প্রতিষ্ঠা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।