নুরউদ্দিন জাবেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কম্পাউন্ডার মোবারকের বিরুদ্ধে ভুল প্রেসক্রিপশনের কারণে এক খামারির ৯টি হাঁস মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ব্যাপারী বাড়ির খামারি জামাল খলিলের ছেলে তার অসুস্থ হাঁসগুলোর চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত কম্পাউন্ডার মোবারক একটি নির্দিষ্ট কোম্পানির অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন। কিন্তু ওষুধ প্রয়োগের পরপরই হাঁসগুলো মারা যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ খামারি বিষয়টি মোবারককে জানালে তিনি স্থানীয় ওষুধ বিক্রয়কেন্দ্র ‘চৌধুরী ভেটেরিনারি ফার্মেসি’র মালিককে তলব করেন। তবে দোকান মালিক সাড়া না দিলে মোবারক ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশে জানান।
চৌধুরী ভেটেরিনারি ফার্মেসির মালিক ছাব্বির চৌধুরী বলেন, একই গ্রুপের হলে অন্য কোম্পানির ওষুধ দেওয়া যেতে পারে।
অন্যদিকে, কম্পাউন্ডার মোবারক বলেন, আমি যে কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করেছি, দোকানদার অন্য কোম্পানির ওষুধ দিয়েছেন। তাছাড়া ভেটেরিনারি সার্জন না থাকায় বাধ্য হয়েই আমি অ্যান্টিবায়োটিক লিখেছি।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মোবারক যেহেতু একই উপজেলার বাসিন্দা, তাই তিনি প্রায়ই তার ভাই কর্মরত যে ওষুধ কোম্পানির, সেই কোম্পানির ওষুধই প্রেসক্রিপশনে সুপারিশ করেন। সরেজমিনে সাংবাদিকরা গেলে তিনি প্রেসক্রিপশন পৃষ্ঠা সরিয়ে ফেলেন এবং প্রেসক্রিপশন বই দেখাতে অস্বীকৃতি জানান।
রায়পুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অতাউর রহমান বলেন, বিষয়টি আমার জানা আছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।