'প্রবীণদের প্রতি সম্মান, নিরাপত্তা ও যত্ন নিশ্চিত করি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আইএসআইজিওপি (ISIGOP) প্রকল্পের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, প্রবীণদের প্রতি সম্মান, ভালোবাসা ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের যৌথ দায়িত্ব। তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে একটি মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান। সঞ্চালনা করেন মইনুল আহসান মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবদুল হাই মল্লিক, কৃষিবিদ মো. ফিরোজ খান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক রহিমা বেগম, সিনিয়র সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু এবং নারী নেত্রী খালেদা আক্তার হেনাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ ধারক। তাঁদের প্রতি যেকোনো ধরনের অবহেলা ও নির্যাতন রোধে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি।
অনুষ্ঠানে প্রবীণদের অধিকার সংরক্ষণ এবং নির্যাতনমুক্ত, মানবিক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
দিবসটি উপলক্ষে গত ১৩ জুন সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত বিভিন্ন সচেতনতামূলক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে এদিন পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও নির্যাতন প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতটি তথ্য ও সচেতনতামূলক স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে বিভিন্ন তথ্যচিত্র, প্রকাশনা ও প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীদের কাছে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।