ভারতে পালাল চোরাকারবারীরা
কল্লোল আহমেদ, লালমনিরহাট: সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আবারও সফলতার স্বাক্ষর রেখেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক দুটি বিশেষ অভিযানে ৮ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা এবং ২৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বিজিবি। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাদক ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) ভোর ৪টা ৫০ মিনিটে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপির আওতাধীন হিন্দুপাড়া এলাকায় এবং শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল বিওপির আওতাধীন পূর্বটারী এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন কয়েকজন চোরাকারবারীকে লক্ষ্য করে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৮ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা ও ২৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।
১৫ বিজিবি জানায়, জব্দকৃত গাঁজার সিজার মূল্য ২৯ হাজার ৭৫০ টাকা এবং ফেয়ারডিল সিরাপের সিজার মূল্য ১০ হাজার ৮০০ টাকা। উদ্ধারকৃত মাদকের মোট সিজার মূল্য ৪০ হাজার ৫৫০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।