• ঢাকা |

সরকারি বরাদ্দের অপব্যবহারের অভিযোগে ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ


নিউজ প্রকাশের তারিখ : ২৯ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জাকির হোসেন, পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সরকারি রাস্তা সংস্কারের বরাদ্দ অপব্যবহারের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযুক্ত ইউপি সদস্য মো. মিজান হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি প্রকল্পের বরাদ্দকৃত ইট ব্যবহার করে নিজ বাড়ির প্রবেশপথ নির্মাণ করেছেন।

রোববার (২৯ মার্চ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার এ নোটিশ জারি করেন। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-গম) কর্মসূচির আওতায় ইন্দুরকানী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর কালাইয়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের জন্য তিন মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়, যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকার বেশি।

তবে সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত রাস্তায় কাজ না করে ওই বরাদ্দের ইট ব্যবহার করে ইউপি সদস্যের নিজ বাড়ির প্রবেশপথ ইটসোলিং করা হয়েছে। উল্লেখ্য, প্রকল্পে উল্লেখিত মামুন হাওলাদার অভিযুক্ত ইউপি সদস্যের আপন ভাই এবং তারা একই বাড়িতে বসবাস করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকলেও বরাদ্দের কাজ বাস্তবায়ন না করে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মো. মিজান হাওলাদার বলেন, তিনি ব্যক্তিগত অর্থে ইট কিনে রাস্তা নির্মাণ করেছেন এবং বরাদ্দ সংক্রান্ত কাগজপত্রে ভুল থাকতে পারে বলে দাবি করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্ট ইউপি সদস্যের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, প্রশাসন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।