• ঢাকা |

রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে আসা দুই মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা


নিউজ প্রকাশের তারিখ : ৮ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শামীম রহমান, রাজশাহী ব্যুরো: রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ৮ মে ২০২৬ ( শুক্রবার )  সকালে রাজশাহীতে পৌঁছেছেন। শাহমখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর তাদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান রাজশাহী-৩ ( পবা-মোহনপুর ) আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন।

সকাল ৮টায় একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছালে বিমানবন্দরে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। সফরকালে বিমানবন্দরে যাত্রাবিরতির সময় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি শফিকুল হক মিলনের কাছে শাহমখদুম বিমানবন্দরের বর্তমান অবস্থা, সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা এবং পবা-মোহনপুর এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় স্থানীয় অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং জনসেবামূলক বিভিন্ন প্রকল্প নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে।

পরে দুই মন্ত্রী সড়কপথে নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রবীন্দ্র মেলা ও জন্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে স্থানীয় সরকারমন্ত্রীর। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভাসহ নানা আয়োজন রাখা হয়েছে।

সফরকালে নওগাঁ জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনা করবেন বলেও জানা গেছে।

বিমানবন্দরে এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সরকারি কর্মসূচি শেষে শুক্রবার বিকেলে স্থানীয় সরকারমন্ত্রীর পুনরায় শাহমখদুম বিমানবন্দরে আসার কথা রয়েছে। পরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

মোঃ শামীম রহমান
রাজশাহী ব্যুরো চিফ