এমএম রহমাতুল্লাহ: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মিরপুর-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান। বুধবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের পাশাপাশি তাদের জন্য বিকল্প ব্যবসাস্থল নির্ধারণের আহ্বান জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত মানুষের চলাচলের উপযোগী রাখা জরুরি। তবে ফুটপাত ও সড়কে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। তাদের জন্য উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণ করে সেখানে ব্যবসার সুযোগ তৈরি করতে হবে।
তিনি বলেন, সড়ক যানবাহন চলাচলের জন্য এবং ফুটপাত পথচারীদের ব্যবহারের জন্য। কিন্তু সামাজিক শৃঙ্খলার অভাবে অনেক জায়গায় ফুটপাত ও সড়কে ব্যবসা পরিচালিত হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।
ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জীবিকার তাগিদে গ্রাম থেকে রাজধানীতে এসে অনেকে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের অনেককে বিভিন্ন পর্যায়ে চাঁদা দিতে হয় বলেও তিনি উল্লেখ করেন। এ ধরনের পরিস্থিতির অবসান ঘটিয়ে নির্ধারিত স্থানে তাদের ব্যবসার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে তারা এ সমস্যার টেকসই ও সমন্বিত সমাধানের কথা বলেছিলেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ করে সেখানে ব্যবসার সুযোগ দেওয়া হলে সিটি করপোরেশন যৌক্তিক হারে কর পেতে পারে। একই সঙ্গে কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
মিরপুর এলাকায় সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ তুলে তিনি দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার কথাও বলেন তিনি।
সবশেষে সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে পরিচ্ছন্ন, মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরিদর্শনকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।