অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হলো একটি বিটুবি (বিজনেস-টু-বিজনেস) রোডশো ও নেটওয়ার্কিং ইভেন্ট। শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর উদ্যোগে সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের পর্যটন খাতের অংশীজনরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। তিনি আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার পারস্পরিক অংশীদারিত্ব টেকসই পর্যটন উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি তার বক্তব্যে বলেন, শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি ও আতিথেয়তা বরাবরই বাংলাদেশি পর্যটকদের আকৃষ্ট করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দ্বিপাক্ষিক পর্যটন প্রবাহ আরও বৃদ্ধি করবে।
শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম শ্রীলঙ্কাকে একটি নিরাপদ, বৈচিত্র্যময় ও সাশ্রয়ী ভ্রমণ গন্তব্য হিসেবে তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশি পর্যটকদের জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ চালুর পাশাপাশি স্থানীয় ট্যুর অপারেটরদের সঙ্গে যৌথ প্রচারণা কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।
অন্যদিকে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের আঞ্চলিক ব্যবস্থাপক ফাওজান ফরিদ বলেন, উন্নত বিমান যোগাযোগ ব্যবস্থা এবং প্রতিযোগিতামূলক ভাড়ার কারণে দুই দেশের মধ্যে ভ্রমণ এখন আগের চেয়ে সহজ ও সুবিধাজনক হয়েছে।
অনুষ্ঠানে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি মোহাম্মদ রাফুজ্জামান এবং বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোয়াটা)-এর সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদসহ পর্যটন খাতের অন্যান্য নেতারা শ্রীলঙ্কায় আউটবাউন্ড ট্যুরিজম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
বিটুবি সেশনে দুই দেশের প্রতিনিধিরা যৌথ ট্যুর প্যাকেজ উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং পর্যটন বিনিময় বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা করেন। পরে একটি নেটওয়ার্কিং ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল অনুষ্ঠিত মিডিয়া সেশনের ধারাবাহিকতায় এ রোডশোর আয়োজন করা হয়। এর মাধ্যমে শ্রীলঙ্কাকে বাংলাদেশি পর্যটকদের জন্য একটি অন্যতম আকর্ষণীয় ও সাশ্রয়ী গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।