নুরউদ্দিন জাবেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের বাজার এলাকায় দীর্ঘদিনের পানি সংকট নিরসন ও বাজারের সার্বিক উন্নয়ন উদ্যোগে এগিয়ে এসেছেন ইতালি প্রবাসী ও তরুণ সমাজসেবক রুবেল। তিনি রায়পুর বাজার বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের ছোট ভাই।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রুবেল লিখেন, “আমাদের রায়পুর অত ছোট বাজার না। তাই সব সমস্যার সমাধান এক-দুই দিনে সম্ভব নয়। তবে প্রত্যেকে নিজের অবস্থান থেকে দায়িত্ব নিলে বাজারের পরিবেশ উন্নত করা সম্ভব।”
তিনি বলেন, বর্তমানে বাজারের বড় সমস্যা হচ্ছে পানি, ক্যামেরা, নাইটগার্ড ও ড্রেনেজ ব্যবস্থা। এসব শুধু বণিক সমিতির দায়িত্ব নয়, বরং সবার সহযোগিতা ও উদ্যোগ প্রয়োজন।
রুবেল আরও জানান, রায়পুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও তার বড় ভাই আলমগীর হোসেনের পক্ষ থেকে, এবং তার সার্বিক সহযোগিতায় বাজারে কয়েকটি ডিপ-টিউবওয়েল স্থাপনের পরিকল্পনা নিয়েছেন। প্রথম পর্যায়ে গাজী মার্কেটে একটি ডিপ-টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করবেন।
তিনি বলেন, গাজী মার্কেটে কোন স্থানে করলে সবার উপকার হবে, এ বিষয়ে সবাইকে মতামত দিতে অনুরোধ করছি। যদি মার্কেট মালিকদের কোনো বাধা না থাকে, আশা করছি সাত দিনের মধ্যেই কাজ শুরু করতে পারবো।
স্থানীয় ব্যবসায়ীরা রায়পুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের ছোট ভাই রুবেলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রায়পুর বাজারের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে এটি হবে একটি প্রশংসনীয় ও বাস্তবসম্মত পদক্ষেপ।