• ঢাকা |

মতিঝিলে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ


নিউজ প্রকাশের তারিখ : ৯ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

দাঁড়িপাল্লায় ভোট দিলে বৈষম্যহীন এক মানবিক বাংলাদেশ বিনির্মাণ হবে - ড. হেলাল উদ্দিন
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘‘দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে বৈষম্যহীন এক মানবিক বাংলাদেশ বিনির্মাণ হবে’’। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। যেখানে ধনী-গরিব বা উঁচু-নিচু শ্রেণীর মধ্য কোনো বৈষম্য থাকবে না। সমাজের উচু-নিচু শ্রেণীর মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করা হবে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, শুধু নিজের কল্যাণের জন্য নয়। শীতের কষ্ট লাঘবে জামায়াতে ইসলামী সুবিধা বঞ্চিত মানুষের পাশে প্রতি বছরই মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে। সমাজের উঁচু ও নিচু শ্রেনীর মানুষের মধ্যকার ব্যালেন্স ঠিক রাখা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র তার সেই দায়িত্ব পালনের মাধ্যমে বৈষম্য দূর করতে পারে। কিন্তু রাষ্ট্র সেটি করতে ব্যর্থ হয়েছে। বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তাদের ব্যর্থতার কারণেই সমাজে বৈষম্যের সৃষ্টি হয়েছে। সমাজের বিদ্যমান বৈষম্য দূরীকরণের সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই চেতনা ছিল রাষ্ট্রীয়ভাবে সৃষ্ট বৈষম্য ভেঙ্গে দিয়ে ইনসাফ ও ন্যায় বিচারের এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। জামায়াতে ইসলামী গণমানুষের সেই স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত রয়েছে। জনগণ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন এক কল্যাণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে। তিনি বলেন, আগামী নির্বাচন হচ্ছে জাতির পরবর্তী ভাগ্য নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনে সন্ত্রাস-চাঁদাবাজ, লুটেরাদের বয়কট করতে পারলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আর কোনো বাঁধা থাকবে না। সব বাঁধা পেরিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান। 
বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানা আমীর নুর উদ্দিনের সভাপতিত্বে এবং ৮ নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী জসিমুল হক পাটোয়ারীর পরিচালনায় মতিঝিল ইডেন চত্বরে শীতবস্ত্র বিতরণ পূবর্ক সভায় আরও বক্তব্য রাখেন মতিঝিল দক্ষিণ থানা সেক্রেটারি ইমাম হোসেন, স্থানীয় দায়িত্বশীর ওমর ফারুক ও মুক্তার হোসাইন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতিঝিল পূর্ব খানার সকল ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল নেতৃবৃন্দ। সভা শেষে, শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন প্রধান অতিথি ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. হেলাল উদ্দিন।