রমাদান মাসে মানবজাতির হিদায়াতের জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র আল-কুরআন নাযিল করেছেন—জাতিকে আলোকিত করে ভাগ্যোন্নয়নের পথে পরিচালিত করার জন্য। বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত “মু‘মিন জীবনে রমাদান, তাকওয়া ও কুরআন” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, মহান আল্লাহ রমাদান মাসে আল-কুরআন নাযিল করেছেন বিশ্ব মানবতার হিদায়াতের জন্য, যাতে মানুষ অশিক্ষা ও কুশিক্ষার অন্ধকার থেকে মুক্ত হয়ে জ্ঞানভিত্তিক নৈতিকতার আলোয় আলোকিত হতে পারে। কিন্তু কুরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার ফলে সমাজে জাহেলিয়াতের অন্ধকার নেমে এসেছে। এর ফলেই সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি, খুন, ধর্ষণসহ নানা সামাজিক অনাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বক্তারা আরও বলেন, জাহেলি সমাজব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামের আলোকে একটি নৈতিক ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে হলে কুরআনের শিক্ষাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্ট ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের মাঝে আল-কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য নিরলস ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই প্রশংসনীয় উদ্যোগকে দেশের সর্বত্র বিস্তৃত করতে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা। তাহলেই গড়ে উঠবে কাঙ্ক্ষিত কুরআনিক সমাজ।
অন্যান্য বক্তারা ট্রাস্টের এই মহতী উদ্যোগের প্রশংসা করে এর কার্যক্রমের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং দেশবাসীকেও এই কাজে অংশগ্রহণের আহ্বান জানান।
ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মাওলানা মুহাম্মদ লোকমান হাকীমের সভাপতিত্বে এবং দ্বিমাসিক আল মাকতাব পত্রিকার নির্বাহী সম্পাদক ড. মুফতি মুহাম্মদ নুরউদ্দিন কাওছারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ইফসুফ ইবন হোছাইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এস. এম. রুহুল আমীন। প্রধান আলোচক ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. ডি.এম. কামাল উদ্দীন জসীম, অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, ডা. মো. মোজাম্মেল হক চৌধুরী এবং মু. আব্দুল হক। এছাড়াও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস. এম. জাকির হোসাইন, এস. এম. আল আমীন ফয়েজী, মু. গিয়াস উদ্দীন, প্রকৌশলী জহিরুল ইসলাম হানিফ, এস. এম. আব্দুল্লাহ আল মামুন, গালিব হাসান ও তাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হাফেজ কারী আহমাদ আব্দুল্লাহ নূর এবং তাহিরা বিনতে মাসুদ।