• ঢাকা |

ভূতগাড়ির মাচা পদ্ধতির তরমুজ:কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার


নিউজ প্রকাশের তারিখ : ৩১ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃমোরছালিন,জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ভূতগাড়ি নামক এলাকা এখন পরিচিত একটি বিশেষ নামে তরমুজ নগরী। সাধারণত তরমুজের মৌসুম কয়েক মাস হলেও এখানে সারা বছরই জমজমাট তরমুজের বেচাকেনা। রাস্তার দুই পাশে সারি সারি দোকান, মাঠের মধ্যে মাচা পদ্ধতিতে চাষ সব মিলিয়ে এক অনন্য চিত্র।

তরমুজের মৌসুম পেরিয়ে গেছে বহু আগেই, কিন্তু ভূতগাড়িতে থেমে নেই চাষ কিংবা বাণিজ্য। মাচার ওপর সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকা ঝুলন্ত তরমুজগুলো যেন প্রকৃতির এক নিপুণ শিল্পকর্ম। সবুজ, কালো আর হলুদ রঙের বাহারি তরমুজ দূর থেকেই পথচারীদের দৃষ্টি কাড়ে। কেউ আবার রাস্তার পাশে দোকান থেকে কিনে নিচ্ছেন এই সতেজ ফল।

স্থানীয় কৃষকেরা জানাচ্ছেন, প্রতি বিঘা জমিতে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করে তারা পাচ্ছেন এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আয়।

তরমুজচাষে এই আর্থিক লাভে উৎসাহিত হয়ে দিন দিন বাড়ছে তরমুজ চাষের পরিধি। অনেকেই ধান বা গম বাদ দিয়ে তরমুজে ঝুঁকেছেন। স্থানীয় কৃষকদের চাষাবাদে সহায়তা করছে নতুন জাতের তরমুজ ও মাচা পদ্ধতির উন্নত কৌশল।

স্থানীয় কৃষক তোতা মিয়া বলেন, এর আগে দুইবার তরমুজ চাষ করেছি এতো ফলন পায়নি এইবার খুব ভালো ফলন হয়েছে যদি কৃষি অফিস সহযোগিতা করলে পরামর্শ প্রদান করলে আরো ভালো ফলন হবে।

পাইকার ও ব্যবসায়ী মাবিদুল ইসলাম বলেন, অসময়ে তরমুজটি খুব সুস্বাদু এবং দাম ভালো এখন প্রতিমন তরমুজ ২১৫০ -২২০০ টাকা পর্যন্ত বাজারে যাচ্ছে। ভূতগাড়ির তরমুজ মানে মানসম্মত পণ্য। আমরা এখানে এসে জমি থেকেই কিনে নিয়ে যাই। 

এই এলাকার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এখানকার তরমুজ বাজার শুধু মৌসুমি নয়, বরং বছরজুড়ে সক্রিয়। দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসেন এখানকার মাঠে, সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে নেন তরমুজ। ফলে কৃষক পাচ্ছেন ন্যায্য মূল্য, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটাই কম।

এবিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাঁচবিবির অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মেহেদী হাসান বলেন, পাঁচবিবি উপজেলার ভূতগাড়ি এলাকা মাচায় পদ্ধতিতে তরমুজ চাষ হচ্ছে।এখানে মধুমতি,তৃপ্তি ও ব্লাক বেবি এই তিন জাতের মাচায় তরমুজ চাষ হচ্ছে।আমরা সর্বাত্মক তাদের পরামর্শ দিচ্ছি। এই তরমুজ পাঁচবিবির জন্য একটি সম্ভবনাময় ফসল অনেক লাভবান এবং বেকার ছেলেদের পরামর্শ প্রাদান করেন কৃষির প্রতি আগ্রহ হতে।