• ঢাকা |

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘ডিপ্লোমা দায়িত্বশীল শিক্ষাশিবির-২০২৬’ সম্পন্ন


নিউজ প্রকাশের তারিখ : ৮ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ বিভাগের উদ্যোগে ‘ডিপ্লোমা দায়িত্বশীল শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন সেশন, প্রশ্নোত্তর পর্ব ও বিষয়ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে এ শিক্ষাশিবির সম্পন্ন হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত এ শিক্ষাশিবিরে দেশের বিভিন্ন পলিটেকনিক ও টেকনিক্যাল প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
সূরা আলে ইমরানের ১৫৯-১৬০ নম্বর আয়াতের ওপর দারসুল কুরআনের মাধ্যমে মূল আয়োজন শুরু হয়। দারস পেশ করেন মাওলানা মহিউদ্দিন।
আলোচকরা ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান অর্জন, সময় ব্যবস্থাপনা এবং ভারসাম্যপূর্ণ জীবনধারা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, সম্ভাবনা ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম দায়িত্বশীলদের নৈতিকতা, আমানতদারিতা ও জবাবদিহিতার মানদণ্ড বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “দক্ষ ও আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে হলে ব্যক্তিগত জীবনে আমানতদারিতা ও পরকালীন জবাবদিহিতার চেতনা ধারণ করতে হবে।” তিনি পলিটেকনিক শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়ন এবং ক্যাম্পাসে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণে আধুনিক ও সৃজনশীল কৌশল গ্রহণের ওপরও গুরুত্ব দেন।
বিষয়ভিত্তিক আলোচনা পর্বে ‘পর্দা, খুলুসিয়াত, আমানতদারিতা ও জবাবদিহিতা’ বিষয়ে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়া সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ পলিটেকনিকে দাওয়াতি কাজের কৌশল নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ ‘ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান’ বিষয়ে আলোচনা উপস্থাপন করেন।
‘ইসলামী আন্দোলন ও ক্যারিয়ার’ বিষয়ে আলোচনা করেন সাবেক ডুয়েট সভাপতি ইরফানুল হাসান সাকিব। ‘বিদেশে উচ্চশিক্ষায় ডিপ্লোমা শিক্ষার্থীদের সুযোগ ও সম্ভাবনা’ বিষয়ে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডুয়েট শাখার সেক্রেটারি তাসনীম আলম। তিনি ডুয়েট প্রস্তুতির বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।
দিনব্যাপী এ আয়োজন সন্ধ্যা সাড়ে ৬টায় হাফেজ ইউসুফ ইসলাহীর সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।