জহুরুল হক মিলু, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ হৃদয় মোল্যা নামে এক মাদক কারবারিকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে লোহাগড়া পৌরসভাধীন কুমারকান্দা গ্রামে জোড়া ব্রিজের নিচে পাকা রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ হৃদয় মোল্যা লোহাগড়া থানার কালনা গ্রামের মোঃ বিলায়েত হোসেন মোল্যার ছেলে।
লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভাধীন কুমারকান্দা গ্রামে জোড়া ব্রিজের নিচে পাকা রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম বলেন, মাদকদ্রব্যসহ মাদক কারবারিকে আটকের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।