• ঢাকা |

বৃষ্টিভেজা শহীদ মিনারে জুলাইয়ের চেতনার শিল্পিত উচ্চারণ


নিউজ প্রকাশের তারিখ : ২৩ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কবিতা, গান, আবৃত্তি ও অভিনয়ে শহীদদের স্মরণ; দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাই বিপ্লবের চেতনা জাগ্রত রাখার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক: রিমঝিম বৃষ্টিতে ভিজে থাকা এক আবেগঘন সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় স্মৃতি, শিল্প ও দেশপ্রেমের মিলনমেলায়। জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘জুলাইয়ের কবিতা পাঠ, সংগীত ও অভিনয় সন্ধ্যা’। বৃষ্টিকে উপেক্ষা করে কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে জুলাইয়ের আত্মত্যাগ ও গণআন্দোলনের চেতনাকে স্মরণের এক ব্যতিক্রমী আয়োজন।

বুধবার সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে কবিতার পঙক্তিমালা, আবৃত্তির আবেগ, সংগীতের সুর আর অভিনয়ের সংলাপে ফিরে আসে জুলাইয়ের উত্তাল দিনগুলোর স্মৃতি। বৃষ্টির ছন্দের সঙ্গে শিল্পীদের পরিবেশনা যেন একাকার হয়ে সৃষ্টি করে অনন্য পরিবেশ। শহীদ মিনারের প্রাঙ্গণে উচ্চারিত প্রতিটি কবিতা, প্রতিটি গান ও অভিনয় দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল। ডাহুক আবৃত্তি সংসদের পরিচালক তারিক হাসিব এবং কবি ওয়াহিদ আল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর সাবেক নির্বাহী পরিচালক আবু মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি আল্লামা ইকবাল, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান এবং সাহিত্য সম্পাদক আফসার নিজাম।

আবৃত্তি পর্বে অংশ নেন বাচিক শিল্পী আজহারুল ইসলাম রণি, নজরুল ইসলাম, মাহবুব টিটু, আল-আমীন শরীফ ও মাসুম আলভী। স্বরচিত কবিতা পাঠ করেন ইব্রাহিম মণ্ডল, আর কে শাব্বির আহমেদ, আহমেদ মঈন, আবুল খায়ের নাঈমুদ্দীন, নুরুল হক, সরদার আব্বাস উদ্দিন, সাইফ সাদী, কবির ভুঁইয়া, জান্নাতুল ফেরদৌসী, নূর মোহাম্মদ, আবু জাফর সালেহী, শামসুল হক জহির, আরিফ হোসাইন, আশরাফুল ইসলাম, আহনাফ আব্দুল্লাহ, রিয়াজুল ইসলাম, ইয়াসিন আরাফাত, তানভীর তালহা, মাঈশা মালিহা বাহার, আফিজা আমাতুল্লাহ, সাদিক মোশারফ ও আবতাহি আনবার। দলীয় আবৃত্তি পরিবেশন করেন উম্মে হানি মেঘলা ও তাঁর দল।

সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিশু শিল্পী সুরাইয়া আখতার সাইফা, কিশোর শিল্পী জাহিন ইকবাল, মহানগর শিল্পীগোষ্ঠীর পরিচালক আবু রায়হান এবং শিল্পী শরীফুল ইসলাম, মাহফুজ মামুন, আব্দুস সালাম, এমসি মামুন, ইকবাল হোসেন, আব্দুল কাদের জিলানী, মুজাহিদ জামান, আব্দুল্লাহ বিন ফায়েজ ও পিএম মিজানের নেতৃত্বে মহানগর শিল্পীগোষ্ঠীর সদস্যরা। একক অভিনয়ে অংশ নেন মহানগর নাট্য সংসদের অভিনেতা আজিজ সাইফুল্লাহ ও রুবেল হোসেন।

আয়োজকদের ভাষ্য, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিল্প-সাহিত্যের মাধ্যমে জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও আত্মত্যাগের চেতনা জাগ্রত রাখা। অনুষ্ঠানের শেষ পর্বে দেশমাতৃকার প্রয়োজনে জুলাইয়ের চেতনা ও প্রেরণা অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৃষ্টিভেজা পরিবেশে কবিতা, দ্রোহের গান ও অভিনয়ের সমন্বয়ে শহীদ মিনারজুড়ে তৈরি হয় এক আবেগঘন আবহ। অনেক দর্শক-শ্রোতাকে ছাতা হাতে কিংবা বৃষ্টিতে ভিজেই অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। শিল্পীদের পরিবেশনা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্ধ্যাটি পরিণত হয় স্মরণ, শ্রদ্ধা ও সাংস্কৃতিক প্রতিরোধের এক অনন্য আয়োজনে।

আয়োজকরা জানান, জুলাই উপলক্ষে তাদের কর্মসূচি এখানেই শেষ নয়। এর আগে ১৯ ও ২০ জুলাই সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের আবৃত্তি বিভাগ ডাহুক আবৃত্তি সংসদের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে দুই দিনব্যাপী আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সেখানে আবৃত্তি পরিবেশন করেন প্রখ্যাত বাচিক শিল্পী নাসিম আহমেদ, শরীফ বায়েজীদ মাহমুদ, মুস্তাগিছুর রহমান মুস্তাক, আহসান হাবীবসহ বিশিষ্ট আবৃত্তিশিল্পীরা।

এ ছাড়া আগামী ২৯ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় জুলাই বিপ্লবভিত্তিক একটি নাটক মঞ্চস্থ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। নাটকটি উপভোগ করতে দেশবাসীর প্রতি আমন্ত্রণও জানিয়েছেন তারা।