• ঢাকা |

হাল্যান্ডের জোড়া গোলে শেষ ষোলোতেই ব্রাজিলের বিদায়


নিউজ প্রকাশের তারিখ : ৬ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এম এম রহমাতুল্লাহ: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে শেষ ষোলোর লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে ইউরোপের দলটি। একই সঙ্গে ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো ব্রাজিলকে।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দীর্ঘ সময় দুই দলই গোলশূন্য থাকলেও শেষ ভাগে নাটকীয়তা ছড়িয়ে পড়ে। ম্যাচের ৭৯তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের বাঁ প্রান্ত থেকে ভেসে আসা নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হাল্যান্ড।

এরপর নির্ধারিত ৯০ মিনিটের একেবারে শেষ মুহূর্তে জোরালো নিচু শটে বল জালের কোণে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন হাল্যান্ড। তার জোড়া গোলেই নিশ্চিত হয় নরওয়ের ঐতিহাসিক জয়। যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ দিলেও পরাজয় এড়াতে পারেনি ব্রাজিল।

এই হারে ভেঙে গেল ব্রাজিলের দীর্ঘদিনের ধারাবাহিকতা। ১৯৯৪ থেকে ২০২২—টানা আটটি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল সেলেসাওরা। এই সময়ে একমাত্র দল হিসেবে প্রতিবারই শেষ আটে জায়গা করে নেওয়ার কৃতিত্ব ছিল তাদের। তবে নরওয়ের বিপক্ষে হেরে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো ব্রাজিলকে।

অন্যদিকে, নরওয়ের জন্য এটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। এর আগে ১৯৩৮ ও ১৯৯৮ সালে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল তারা। এবার সেই গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠল নরওয়ে।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের প্রতিপক্ষ হবে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।