কল্লোল আহমেদ, লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুর থেকে আখতার হোসেন (৫৫) নামে এক মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার আউদিয়ার দোলা এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা।
নিহত আখতার হোসেন মহেন্দ্রনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাঁশিপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে বাড়িতে খাওয়া শেষ করে ব্যক্তিগত কাজে বের হন আখতার। দুপুরের মধ্যে ফেরার কথা থাকলেও বিকেল পর্যন্ত তার খোঁজ মেলেনি। উদ্বিগ্ন স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেলে আউদিয়ার দোলা এলাকার পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, “ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এটি দুর্ঘটনা, না এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা তদন্তের পর বলা যাবে।”
তিনি জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
এদিকে আকস্মিক এই মৃত্যুতে কাঁশিপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করে দ্রুত রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।