• ঢাকা |

ফ্যাসিস্টদের পরিণতি হবে শেখ হাসিনার মতো:ওবায়দুর রহমান শাহিন


নিউজ প্রকাশের তারিখ : ৯ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

ইসমাইল হোসেন, দিনাজপুর : বিএফইউজে-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, “ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট বা স্বৈরাচারি আচরণ করবে, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে।”

 

শনিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)  আয়োজিত  দিনাজপুর কালিতলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত  "ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 

তিনি আরও বলেন, “গত সাড়ে ১৫ বছরে অনেক রাজনৈতিক নেতা মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন, আর সাংবাদিকরাও আন্দোলনের বাইরে থাকতে পারেননি। এখন সময় এসেছে রাজনৈতিক দলগুলোকে সাংবাদিকদের সুরক্ষায় এগিয়ে আসার।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদেকুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক আবু বকর এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম।
খুরশিদ আলম জানান, “গত ১৬ বছরে ৬৬ জন সাংবাদিক তাদের জীবন দিয়েছেন। সর্বশেষ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান শাহিন নিহত হয়েছেন।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা যদি রাজনৈতিক নেতাদের পক্ষে থাকেন, তাহলে তারা ভালো; কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লিখলেই তারা শত্রু হয়ে ওঠেন।”

আলোচনায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “জুলাই বিপ্লব চূড়ান্ত নয়, আরও বিপ্লব আসবে। রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে এবং বিভাজন সৃষ্টিকারীদের আশ্রয় দেওয়া যাবে না।”

বক্তারা বলেন, “সাংবাদিকদের অবদান বিশ্বব্যাপী অনন্য। কিন্তু ঘাতকদের বিচার না হওয়ায় আজও তারা জীবন দিয়ে চলেছেন।”

আলোচনাসভা শেষে শহীদ সাংবাদিক রবিউল ইসলাম রাহুলের পিতা মুসলেম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদেরও সম্মাননা দেওয়া হয়।