গোলাম মোস্তফা, তারাশ: সিরাজগঞ্জের তাড়াশে যৌন হয়রানি মামলার আসামি গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ নামে একটি সামাজিক সংগঠন। অভিযুক্তের নাম জহুরুল ইসলাম খোকন। সে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের সমাজবিদ্যা বিভাগের প্রভাষক। শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মো. বদরুল আমিন সোহাগ বলেন, বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রীদের যৌন হয়রানি মামলার এক মাস পেরিয়ে গেলেও এখনও আসামি গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। তিনি দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের জোর দাবি জানান। নিরপরাধ কোনো শিক্ষক যেন ফেঁসে না যায় সেদিকেও গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক জহুরুল ইসলাম খোকন, সহকারী শিক্ষক বিকাশ সরকার ও সুজন কুমার মাহাতোর বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, আসামি এলাকার বাইরে রয়েছেন। গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি নুসরাত জাহান বলেন, তদন্ত প্রতিবেদন বোর্ডে পাঠানো হয়েছে। এখনও সিদ্ধান্ত জানা যায়নি।