• ঢাকা |

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ প্রয়াসে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান


নিউজ প্রকাশের তারিখ : ১৭ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এমএম রহমাতুল্লাহ: ঢাকায় কর্মরত বরিশাল বিভাগের সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির উদ্যোগে জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর ডিআরইউ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে তিনি বলেন, অতীতের নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে উঠতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নতুন, সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন পিছিয়ে থাকা বরিশাল বিভাগকে দেশের মূলধারায় আরও শক্তভাবে যুক্ত করতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সমিতির সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও দপ্তর সম্পাদক মিজান শাজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজনৈতিক, সাংবাদিকতা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়াসহ অনেকে বক্তব্য রাখেন।

ইফতার মাহফিল শেষে সমিতির গুণী সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবাদিক সংগঠনে নেতৃত্বদানকারী বরিশাল বিভাগের ১০ জন কৃতি সাংবাদিককে বিশেষভাবে সম্মানিত করা হয়। সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিরা।
সম্মাননাপ্রাপ্ত বরিশাল বিভাগের ঢাকায় কর্মরত দশ কৃতি সাংবাদিক হলেন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, পলিটিকাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি খোন্দকার কাওছার হোসেন, ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গাযী আনোয়ার, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিএমজেএ) সভাপতি মনির হোসেন, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

উল্লেখ্য, বরিশাল বিভাগের ছয়টি জেলার (বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর) প্রায় ৭ শতাধিক সাংবাদিকের সংগঠন এই সমিতি। সংগঠনটিকে একটি মডেল প্ল্যাটফর্মে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। তিনি বলেন, সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও পেশাগত উন্নয়নে এই সংগঠন ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।