• ঢাকা |

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: টিআইবির বিবৃতি ‘অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত’—গোলাম পরওয়ার


নিউজ প্রকাশের তারিখ : ৫ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে বিবৃতি দিয়েছে, তা ‘অগ্রহণযোগ্য, অনভিপ্রেত ও দুরভিসন্ধিমূলক’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি টিআইবির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, যা গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে স্পষ্ট হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে টিআইবির ‘মিথ্যা ও বর্ণনামূলক’ বিবৃতিতে দলটিকে জড়ানো অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তাঁর দাবি, এ ধরনের ঘটনায় জামায়াতকে জড়ানোর বিষয়টি ‘দুরভিসন্ধিমূলক’।

তিনি বলেন, “ঘটনার সঙ্গে ন্যূনতম সম্পৃক্ততা না থাকলেও জামায়াতকে জড়িয়ে এই ধরনের বিবৃতি বিশ্বের ইতিহাসে বিরল। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। কোনো গোষ্ঠী বা সন্ত্রাসী শক্তি সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দিক, সত্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করুক কিংবা সাংবাদিকদের হুমকির মুখে ফেলুক—জামায়াত তা সমর্থন করে না।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জামায়াত বরাবরই প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।

টিআইবির প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ভবিষ্যতে জামায়াতে ইসলামীকে নিয়ে ‘মনগড়া’ বা তথ্যনির্ভর নয় এমন কোনো বিবৃতি দেওয়া থেকে প্রতিষ্ঠানটিকে বিরত থাকতে হবে এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

গোলাম পরওয়ার বলেন, জামায়াত একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে নাগরিকদের সুরক্ষা ও অধিকার রক্ষা এবং তা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিভ্রান্তিকর তথ্য বা কোনো ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রকৃত অপরাধীদের আড়াল করার কোনো সুযোগ জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণ জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলের নীতি, আদর্শ ও কর্মকাণ্ড প্রত্যক্ষ করছে। ফলে কোনো ঘটনা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলেও তিনি উল্লেখ করেন।