• ঢাকা |

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে লালমনিরহাটে সেনাবাহিনীর ব্যাপক মহড়া


নিউজ প্রকাশের তারিখ : ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কল্লোল আহমেদ, লালমনিরহাট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে লালমনিরহাটে ব্যাপক মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে শহরের সোহরাওয়ার্দী ময়দানে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়াটি পরিদর্শন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তাঁর দিকনির্দেশনায় আয়োজিত এ কার্যক্রমে ৬৬ পদাতিক ডিভিশনের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে। এতে নির্বাচনকালীন সহিংসতা মোকাবিলা, দাঙ্গা নিয়ন্ত্রণ, সন্দেহজনক পরিস্থিতি সামাল দেওয়া, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, দ্রুত প্রতিক্রিয়া প্রদান এবং সমন্বিত অভিযানের কৌশল প্রদর্শন করা হয়।

মহড়ার একটি উল্লেখযোগ্য অংশে প্যারা-কমান্ডো সেনা সদস্যরা একটি ১৪ আসনবিশিষ্ট হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে অবতরণ করে দ্রুত মাঠপর্যায়ে নিরাপত্তা বলয় গড়ে তোলার অনুশীলন প্রদর্শন করেন। নির্বাচনী চরাঞ্চল ও দুর্গম এলাকায় নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করার কৌশল এতে তুলে ধরা হয়। লালমনিরহাট সদরে দায়িত্বপ্রাপ্ত ২৪ পদাতিক ব্যাটালিয়ন আর্টিলারির ব্যবস্থাপনায় বাস্তব পরিস্থিতির আদলে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মহড়ার মূল লক্ষ্য হলো নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করা, সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি করা এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়।

মহড়াটি দেখতে সোহরাওয়ার্দী ময়দানের চারপাশে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে মহড়াটি কাভার করেন। উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ সেনাবাহিনীর এই প্রস্তুতিকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মহড়া নির্বাচনকে ঘিরে জনমনে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত। মহড়ায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডার ও সদস্যরা উপস্থিত ছিলেন।