• ঢাকা |

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রায়পুরে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম


নিউজ প্রকাশের তারিখ : ৭ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নুরউদ্দিন জাবেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কর্মী দেলোয়ার হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় যুবলীগ নেতা মামুন ও তার ছেলে অন্তর।
ঘটনাটি ঘটে গত শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে। গুরুতর আহত দেলোয়ার হোসেন বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মামুন দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন যুবলীগের ৪নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক।
ঘটনার পর আহতের বড় মেয়ে নাজমা বেগম বাদী হয়ে রায়পুর থানায় মামুন, তার ছেলে অন্তরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে নাজমা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে ধরে বলেন, তাদের পরিবারের সঙ্গে মামুনদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ঘটনার দিন সকালে পরিবারের কয়েকটি হাঁস-মুরগি মামুনদের উঠানে গেলে তারা গালমন্দ শুরু করে। তার বাবা প্রতিবাদ করলে মামুন ও তার ছেলে ধারালো দা, ছেনি ও লোহার রড দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন।
তিনি আরও বলেন, মামুন হাসিনার আমল থেকেই আমাদের পরিবারকে নানা ভাবে নির্যাতন করে আসছে। এখনও সে অদৃশ্য শক্তির প্রভাবে আমাদের উপর হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেলোয়ারের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গেলে মামুন ও তার ছেলে পালিয়ে যায়। পরে আহত দেলোয়ারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আহতের পুত্রবধু জানান, সময়মতো না পৌঁছালে মামুন ও তার ছেলে তাকে মেরে ফেলত। হামলায় বাধা দিতে গেলে মামুনের বাবা লুৎফর রহমান তার শাশুড়ি ও ননদকে শ্লীলতাহানির চেষ্টা করে। দেলোয়ারের মাথা ও হাতে গভীর জখমের কারণে চিকিৎসকরা ২০টি সেলাই দিয়েছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবলীগ নেতা মামুনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনার পর থানায় মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।