আশিকুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা): বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী রাতভর নির্যাতন করে হত্যা করে। ভারত-বাংলাদেশ চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক একটি পোস্ট দেওয়ায় তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়।
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদল সভাপতি মোল্যা ইয়াসিন আরাফাত, সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাহিদ আহমেদ আকাশ, প্রচার সম্পাদক মেহেদী হাসান সোনা, মাসুদ হোসেন, আশিক রানা প্রমুখ। অনুষ্ঠানে কলেজ মসজিদের খতিবসহ সাধারণ শিক্ষার্থী ও মুসল্লিরাও অংশগ্রহণ করেন।