মোঃ আল আমিন, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি ডিবেট ফোরামের উদ্যোগে তারুণ্যের কন্ঠে বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে টিম ত্রয়ী ও টিম ব্রেইনস্ট্রোম মুখোমুখি হয় এবং চ্যাম্পিয়ন হয়েছে টিম ব্রেইনস্ট্রোম। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শাহ আলম, বেরোবি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম পলাশ সহ ডিবেট ফোরামের সাবেক দুই সভাপতি জুঁথী রায় ও রিশাদ নুর।
জানা যায়, ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) এর যৌথ উদ্যোগে শুক্রবার (০৬ মার্চ) দিনব্যাপী বাছাই পর্বে ৮ টি দল অংশগ্রহণ করেন এতে ট্যাব ফরম্যাট অনুযায়ী প্রত্যেক দল ৩টি করে বিতর্ক করে এবং শীর্ষ ৪টি দলকে নিয়ে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে আজ ফাইনাল রাউন্ড বিতর্ক আয়োজন করেন তারা।
এবিষয়ে বেরোবি ডিবেট ফোরামের সভাপতি ইমরাতুল জান্নাত ঊষা বলেন, তারুণ্যের কণ্ঠে যুক্তি, চিন্তা ও সচেতনতার বিকাশ ঘটানোর লক্ষ্যেই আমরা এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি একজন শিক্ষার্থীর বিশ্লেষণী ক্ষমতা, সহনশীলতা ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা বাড়াতে বেরোবি ডিবেট ফোরাম এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।”
সাধারণ সম্পাদক প্রীতম দেব নাথ বলেন, এই আয়োজন সফল করতে যেসব বিতার্কিক, বিচারক ও স্বেচ্ছাসেবক সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তরুণদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্ব ও সমসাময়িক বিষয় নিয়ে সচেতনতা তৈরিতে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের বুদ্ধিবৃত্তিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।