নওগাঁ প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নওগাঁ শাখার ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা ১৫ লাখ টাকা, সাতটি ব্যাংকের এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেক বই ও অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যেপাড়া গ্রামের মো. শহিদুল ইসলাম (রিপন), (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। ২০১৫ সালে তার নামে এক লাখ টাকা সীমার একটি ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। ওই কার্ড ব্যবহার করে তিনি পূবালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের একাধিক হিসাবে টাকা স্থানান্তর করতেন।
প্রথম দিকে প্রতি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত করেন। ব্যাংকের অনুমোদিত সীমা অতিক্রম করে ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলাম, সদর মডেল থানার ওসি মো. মিন্টু রহমান ও ডিবি পুলিশের ইনচার্জ মো. হাসিবুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান শুরু করে। পরে একটানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারির ভেতরে একটি ব্যাগ থেকে ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেক বই এবং দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। আত্মসাৎ করা অর্থের মধ্যে প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনার পাশাপাশি বিলাসী জীবনযাপন করতেন বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অন্য কেউ কিংবা কোনো ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।