স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ (রোববার) যুক্তরাষ্ট্রের মায়ামিতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও নরওয়ে। বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় শুরু হওয়া ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে সেমিফাইনালের টিকিট। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী।
ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছেন। আর্সেনাল উইঙ্গার বুকায়ো সাকার পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেয়েছেন ননি মাদুয়েকে। পাশাপাশি ডিফেন্সের ডানপ্রান্তে সুযোগ পেয়েছেন এজরি কনসা। ৪-২-৩-১ ছকে মাঠে নামছে থ্রি লায়ন্স।
ইংল্যান্ডের একাদশ: জর্ডান পিকফোর্ড; এজরি কনসা, জন স্টোনস, মার্ক গেহি, নিকো ও'রাইলি; এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস; ননি মাদুয়েকে, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন; হ্যারি কেইন।
অন্যদিকে নরওয়ে ৪-৩-৩ ফরমেশনে খেলবে। একমাত্র পরিবর্তন হিসেবে আন্তোনিও নুসার জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েছেন আন্দ্রেয়াস স্কেলদেরুপ। আক্রমণভাগে আর্লিং হলান্ড ও আলেকজান্ডার সোরলোথের সঙ্গে থাকবেন তিনি।
নরওয়ের একাদশ: অরইয়ান নিল্যান্ড; ক্রিস্টোফার আজের, টরবিয়র্ন হেগেম, ডেভিড মোলার উলফে; সান্দের বের্গে, মার্টিন ওডেগার্ড, আন্দ্রেয়াস স্কেলদেরুপ, প্যাট্রিক বের্গ; আলেকজান্ডার সোরলোথ, আর্লিং হলান্ড, জুলিয়ান রিয়ারসন।
চলতি বিশ্বকাপে নরওয়ের পথচলা ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। একসময় ফিফা র্যাঙ্কিংয়ের ৮৮তম স্থানে থাকা দলটি গত এক দশকে নিজেদের আমূল বদলে ইউরোপের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলে পরিণত হয়েছে। মার্টিন ওডেগার্ড ও আর্লিং হলান্ডকে ঘিরে গড়ে ওঠা নতুন প্রজন্ম, পাশাপাশি স্পেন ও জার্মানির আধুনিক ফুটবল দর্শনের প্রভাব—দলটির খেলার ধরনে এনে দিয়েছে নতুন মাত্রা।
অন্যদিকে নকআউট পর্বে ধারাবাহিকতা ধরে রেখে সেমিফাইনালের পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ পার হতে মরিয়া ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের অভিজ্ঞতা এবং জুড বেলিংহাম, ডেকলান রাইসদের পারফরম্যান্সের ওপর বড় ভরসা থাকবে টুখেলের দলের।
মায়ামির তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে দুই বিশ্বমানের স্ট্রাইকার হ্যারি কেইন ও আর্লিং হলান্ডের ব্যক্তিগত দ্বৈরথ। দুই গোলমেশিনের কার্যকারিতাই শেষ পর্যন্ত নির্ধারণ করে দিতে পারে কোন দল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেবে।