কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মান্যবর মিস. সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। ডেপুটি হাইকমিশনার মি. ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি মিস. আনা পিটারসনসহ হাইকমিশনের ৪ জন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।
এসময়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত।
হাইকমিশনার আলোচনার শুরুতেই আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
বৈঠকে পিআর পদ্ধতিতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভূমিকাসহ নানা বিষয়ে মতবিনিময় হয়। এছাড়া নারী অধিকার, নারীর সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশগ্রহণ এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।
বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা- বিশেষ করে জ্বালানি ও তৈরি পোশাক খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনাকালে অস্ট্রেলিয়ান হাইকমিশনার দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন।