• ঢাকা |

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করল কর্তৃপক্ষ


নিউজ প্রকাশের তারিখ : ২৭ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

রাবি প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে কর্তৃপক্ষের দাবি, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মানসম্মত নীতিমালার ভিত্তিতেই পরিচালিত হচ্ছে।

গত ২৪ আগস্ট (রবিবার) সন্ধ্যায় উপাচার্য ভবনের সামনে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী বিক্ষোভ করে নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযোগ দুঃখজনক ও বিভ্রান্তিকর।

প্রশাসক (জনসংযোগ দপ্তর) প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা গ্রহণ করা হয় এবং ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী নির্বাচন করা হয়। এরপর নির্বাচনী বোর্ডের সুপারিশ সিন্ডিকেট অনুমোদন করলে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, আবেদনকারীদের মেধাক্রম যাচাই সঠিকভাবে করা হয়েছে। তবে মনোবিজ্ঞান বিভাগের দুজন প্রার্থী প্রয়োজনীয় দালিলিক প্রমাণপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় তাদের প্রার্থিতা বিবেচনা করা হয়নি।
কর্তৃপক্ষের দাবি, শিক্ষক নিয়োগে কোনো প্রকার অনিয়ম হয়নি। বরং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে যোগ্য ও মেধাবী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতেই তারা কাজ করছে।