স্টাফ রিপোর্টার:এনআরবিসি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। , গত ২১ আগস্ট বৃহস্পতিবার কুর্মিটোলা গল্ফ ক্লাবে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এ সভায় স্বশরীরে এবং অনলাইন প্ল্যাটফর্মে স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারবৃন্দ অংশ নেন।
সভায় ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ, ২০২৫ সালের জন্য নিরীক্ষক নিয়োগ ও সম্মানী অনুমোদনসহ মোট চারটি এজেন্ডা শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ ভোটের মাধ্যমে গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব।
সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় গঠিত নতুন পরিচালনা পর্ষদ সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে। কমপ্লায়েন্স নিশ্চিত করে আমরা আমানতকারী ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা এবং প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “ঋণশৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যাংকের গুণগত সম্পদ ও মুনাফা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য। এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।”
অডিট কমিটির চেয়ারম্যান এমদাদ উল্লাহ বলেন, “গ্রাহকদের আস্থার কারণে এনআরবিসি ব্যাংকের আমানতের পরিমাণ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা একটি বড় মাইলফলক। আমরা টেকসই ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করেছি, যা সফল হলে শেয়ারহোল্ডারদের কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব হবে।”
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “আমাদের ব্যাংকের প্রাণশক্তি হলো আমানতকারী ও সাধারণ বিনিয়োগকারী। দক্ষ পরিচালনা পর্ষদের নেতৃত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে আমরা তাঁদের স্বার্থ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, ২০১৩ সালে যাত্রা শুরু করা এনআরবিসি ব্যাংক ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ব্যাংকটির ১০৯টি শাখা ও ৪১৫টি উপশাখার মাধ্যমে প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।